পবিত্র রমজান মাস উপলক্ষে জামালপুরে পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতি (সআমকসাস)। রোববার (১৫ মার্চ) বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে সংগঠনটির উদ্যোগে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থাকা পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার বায়জিদ ও ছাত্রশিবিররের সভাপতি জামাল হোসেন। সরকারি আশেক মাহমুদ কলেজের সদস্য সচিব শাহরিয়ার বায়জিদ বলেন, রমজান মাস আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।
এ সময় সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রশিবিরের সভাপতি জামাল হোসেন বলেন, এই কর্মসূচিতে এসে ভালো লাগছে। সাংবাদিকদের নিয়ে মানুষের মধ্যে অনেক সময় ভুল ধারণা থাকে। আশা করি আপনারা সেই ধারণা ভেঙে কলেজের কল্যাণে ও মানবতার সেবায় কাজ করবেন।
এ সময় সআমকসাসের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও আমাদের এই মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার উদ্যোগ অব্যাহত থাকবে।